
ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আত্মহত্যার চেষ্টা এক তরুণীর। ওড়িশার নরবঙ্গপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত এক যুবক সম্প্রতি ওই তরুণীর কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে দেন।
এর পরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন দ্বিতীয় বর্ষের ওই নার্সিং পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, আগে থেকেই ওই তরুণীর সঙ্গে ঝামেলা চলছিল অভিযুক্তের। তরুণী অন্য এক জনের সঙ্গে প্রেম করছেন, এই সন্দেহে ওই যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ১২ জুলাইয়ের ওই ঘটনার পরে গ্রেফতারও হয়েছিলেন যুবক। পরে আদালত থেকে জামিন পেয়ে যান। এর পরেই ১৭ জুলাই অভিযুক্ত যুবক ওই তরুণীর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে দেন বলে অভিযোগ।
ওই ছবি এবং ভিডিয়োগুলি ছড়িয়ে পড়তেই তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এ বিষয়ে নবরঙ্গপুর জেলার পুলিশ সুপার সন্দীপ সম্পত জানান, ওই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
