মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়

0
221
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নতুন আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে একটি বেসরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকে বসেন বিধানসভার কার্যবিবরণী কমিটির সদস্যেরা। সেখানেই ঠিক হয় বিধানসভার অধিবেশন এক দিনের জন্য বাড়ানো হবে। সেই বৈঠকেই ঠিক হয়েছে রাজ্যে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বিল পেশ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে আগামী মঙ্গল ও বুধবার। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে,দি ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল ২০২৪ নিয়ে। কারণ এই বিশ্ববিদ্যালয়টির ভৌগোলিক অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে।কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডে,ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটি নামে একটি কলেজ রয়েছে।ভবানীপুর এডুকেশন বলেই লোকমুখে পরিচিত এই কলেজটি।সেই কলেজকেই এ বার বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চলেছে রাজ্য।আগামী বুধবার অধিবেশনের দ্বিতীয় অর্ধে নতুন এই বিলটি বিধানসভায় পেশ করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বিলটি পাশ করার জন্য এক ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। যে হেতু স্পিকারের ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে যোগদান করে না বিজেপি পরিষদীয় দল, তাই বৈঠক শেষ হওয়ার পরেই অধিবেশন বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে বিরোধী দল বিজেপি বিধায়কদের।

নিজের বিধানসভা কেন্দ্রে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পাওয়ার দিন মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভার আলোচনায় অংশ নেবেন কি না সে বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ তৃণমূল পরিষদীয় দলের নেতারা।