
পাকিস্তান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে। অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে। এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন বিভিন্ন মিডিয়ার থেকে জানতে পেরেছেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলেছেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করছেন। শাহবাজ শরিফও পাকিস্তানের হয়ে এত প্রশংসা করেন না। একজন দায়িত্বশীল বিরোধী দলনেতার থেকে এটা প্রত্যাশা করা যায় না। এর বিরুদ্ধে প্রিভিলেজ জমা পড়েছে। বুধবার প্রিভিলেজের আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি বিধানসভায় মুখ্যমন্ত্রী পাকিস্তানের স্বপক্ষে এমন কোনও কথাই বলেন নি। ফলে শুভেন্দু যে কথা বাইরে মিডিয়ার সামনে বলছেন তা পুরোটাই অসত্য এবং বিভ্রান্তিমূলক।
