
দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পরদেশীবাবুও নাকি কোনওরকম শুভ কাজের আগে পুজোর জন্য জোরাজুরি করেন।
গৃহিণীর যত না বেশি পুজোতে মন,তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক জোনাস। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন সেকথা। শুধু তাই নয়, লক্ষ্মীপুজো, শিবরাত্রির পাশাপাশি মার্কিন মুলুকের বাড়িতে গণেশ চতুর্থীও পালন করেন জোনাস দম্পতি। এমনকী মার্কিন মুলুক থেকে উড়ে এসে অযোধ্যার রামমন্দিরেও পুজো দিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। এবার ফের একবার ধর্ম-কর্মে মন দিয়ে প্রশংসা কুড়োলেন,সংস্কারি দেশি গার্ল।উল্লেখ্য,প্রিয়াঙ্কা এইমুহূর্তে শুটিংয়ের জন্য দেশে রয়েছেন।রাজামৌলির মেগাবাজেট দক্ষিণী সিনেমা বারাণসীর জন্য মাসখানেক ধরেই আমেরিকা থেকে ভারতে ঘন ঘন যাতায়াত করছেন অভিনেত্রী। এবার শুটিংয়ের অবসরে প্রিয়াঙ্কাকে পাওয়া গিয়েছে অমৃতসরের স্বর্ণমন্দিরে। ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, ওড়়না দিয়ে মাথায় ঘোমটা টেনে আর পাঁচজন আমজনতার মতোই গুরুদ্বারের মেঝেয় বসে বাসন মাজছেন প্রিয়াঙ্কা চোপড়া।সেই অভিনেত্রী, যিনি এখন ভারতের গণ্ডি পেরিয়ে পশ্চিমী বিনোদুনিয়াতেও রীতিমতো চর্চায়। হলিউডেও একগুচ্ছ কাজ করে ফেলেছেন। স্থাবর-অস্থাবর মিলিয়ে হাজার কোটির সেই সুপারস্টার মালকিন’কেই গুরুদ্বারে সাদামাটাভাবে বাসন মাজতে দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা,অতঃপর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সোশাল পাড়ায় ছড়িয়ে পড়তেও সময় নেয়নি।উল্লেখ্য,গুরুদ্বারের লঙ্গরে রান্না করা, বাসন মাজার মতো কাজগুলিকে,সেবা বলা হয়। আমজনতার মতো সেই সেবামূলক কাজেই যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরনে সাদামাটা গোলাপি সালোয়ার।চেহারায় মেকআপের লেশমাত্র নেই,গুরুদ্বারে আগত বাকি মহিলাদের সঙ্গে বসে গল্প করতে করতেই বাসন মাজলেন বলিউড-হলিউড কাঁপানো অভিনেত্রী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই দেশি গার্ল-এর প্রশংসায় পঞ্চমুখ ফ্যান ফলোয়াররা। কারও মন্তব্য, ভারতীয়দেরও ধর্মাচরণ শেখা উচিত প্রিয়াঙ্কার কাছে।
কেউ বা মনে করিয়ে দিয়েছেন, একদশক বিদেশের মাটিতে কাটালেও নিজের শিকড় ভুলে যাননি প্রিয়াঙ্কা। এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটভুবন।









