
আরএসএসে বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন কেরলের এক তথ্যপ্রযুক্তি কর্মী। এই বিস্ফোরক অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
সোশাল মিডিয়ায় ওয়ানড়ের সাংসদ লিখেছেন, এই ঘটনাটি ভয়াবহ। আরএসএস নেতৃত্বের উচিত এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করা। ডিওয়াইএফআইয়ের তরফেও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি তোলা হয়েছে। ২৬ বছর বয়সি ওই তথ্যপ্রযুক্তি কর্মী কোট্টায়ামের থামাপালাক্কাড়ের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর পর তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট ভেসে উঠেছে। সম্ভবত আত্মহত্যার আগে সেই পোস্টটি তিনি শিডিউল করে রেখেছিলেন। ওই পোস্টে তিনি বলছেন, কোনও প্রেমিকা নন, আর্থিক সমস্যা নয়, পারিবারিক অশান্তি নয়, তাঁর মৃত্যুর জন্য দায়ী মানসিক অসুস্থতা। ছোটবেলায় সাংঘাতিক অত্যাচারের জেরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
ওই তথ্যপ্রযুক্তি কর্মীর বক্তব্য, ছোটবেলায় তাঁর বাবাই তাঁকে আরএসএস শাখায় ভর্তি করেন। কিন্তু মাত্র ৩-৪ বছর বয়সেই শাখায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।
