
অনেকেরই অভ্যাস, খাওয়ার সময় কাঁচা লঙ্কা না থাকলে খাওয়াই জমে না। কেউ কেউ আবার রান্নাতেও মুঠোমুঠো কাঁচা লঙ্কা ব্যবহার করেন। গুঁড়ো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খেলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
এখন প্রশ্ন হলো বেশি কাঁচা লঙ্কা খাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে। উত্তর হলো,বেশি কাঁচা লঙ্কা খেলে পেটে ব্যথা, জ্বালা ও অস্বস্তি হতে পারে। নিয়মিত অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে আলসারের ঝুঁকিও বাড়ে। এর ফলে হজমের সমস্যা বেড়ে যেতে পারে এবং পেটের জটিল অসুখ দেখা দিতে পারে। এদিকে যাদের আগে থেকেই অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের কাঁচা লঙ্কা খাওয়ায় আরো সতর্ক থাকা দরকার।বেশি কাঁচা লঙ্কা খেলে খাবার খাওয়ার পরপরই ঢেকুর, গলা জ্বালা বা মুখে টক জল উঠে আসা,এসব সমস্যা বেড়ে যেতে পারে। অন্যদিকে,অতিরিক্ত কাঁচা লঙ্কা বদহজম বাড়ায়। পেটে গ্যাস, ঢেকুর ইত্যাদির সঙ্গে ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যাদের হজম দুর্বল। আবার অনেকের ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ হয়। তাদের ক্ষেত্রে বেশি কাঁচা লঙ্কা খাওয়ার ফলে ত্বকে চুলকানি, লাল দাগ, র্যাশ বা জ্বালাভাব দেখা দিতে পারে। এটি এক ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া, যা কখনও কখনও মারাত্মক হতে পারে।
তবে কাঁচা লঙ্কা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে,কিন্তু মাত্রার অতিরিক্ত হলে তা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে।বিশেষ করে যাদের পেটের সমস্যা বা ত্বক সংবেদনশীল, তাদের উচিত পরিমিত পরিমাণে কাঁচা লঙ্কা খাওয়া।আসলে সব খাবারেই ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে ভালো।








