
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক কোটি ৬৮ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রযোজক শ্যামসুন্দর দে-কে।
ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অন্তর্গত এক অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে ওই প্রযোজক-কে। গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বই গোরেগাঁও বাঙ্গার পুলিশ চৌকিতে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ১৬ জুলাই অভিনেত্রী পূজা প্রযোজক শ্যামসুন্দর দে-র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, গত এপ্রিল মাসে পূজা ও তাঁর স্বামী কুণাল ভার্মার সঙ্গে দেখা করেন ওই প্রযোজক। তিনি জানান একজন ফাইনান্সার প্রয়োজন।
শুধু তাই নয়, বিনিয়োগ করলে যে ভাল লাভ পাওয়া যাবে, তা বোঝাতে শ্যামসুন্দর দে সংশ্লিষ্ট প্লাটফর্মের সঙ্গে হওয়া চুক্তির ইমেইলের ফটোকপিও দেখান অভিনেত্রী ও তাঁর স্বামীকে। এরপরই ১৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এক কোটি ৬৮ লক্ষ টাকা ব্যাঙ্কের মাধ্যমে ওই প্রযোজককে দেন অভিনেত্রী ও তাঁর স্বামী। কিন্তু সেই টাকা প্রযোজক আত্মসাৎ করেন বলে অভিযোগ।





