
ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে বচসায় অধ্যাপককে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছে মুম্বইয়ের মালাডে। নিহত অধ্যাপক অলোক সিং ভিলে পার্লের একটি নামী কলেজে অধ্যাপনা করতেন।
শনিবার বিকেলে অধ্যাপক অলোক সিং এবং অভিযুক্ত ওমকার শিন্দে একই ট্রেনে যাত্রা করছিলেন। মালাড স্টেশনে পৌঁছনোর আগে ভিড়েঠাসা কামরায় দুজনের মধ্যে বচসা বাধে। কে আগে নামবে তাই নিয়ে দুজনের বচসা শুরু হয়। অভিযোগ এরপর প্ল্যাটফর্মে নেমেই ব্যাগ থেকে একটি ছুরি বার করে আচমকা অলোক সিংয়ের পেটে ঢুকিয়ে দেয় ওমকার শিন্দে। রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন অলোক। মুহূর্তের মধ্যেই অভিযুক্ত ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করে বোরিভাড়ি জিআরপি।
স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর ভাসাই এলাকা থেকে ওমকারকে গ্রেফতার করে পুলিশ।
