
নারী নির্যাতন নিয়ে মহিলা প্রগতিশীল নেত্রী কেন চুপ করে আছেন। চোপড়া-সন্দেশখালিকাণ্ডে নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সংসদে সরব হয়েছেন প্রধানমন্ত্রী।
সেই ইস্যু নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেছেন।রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারী নির্যাতন নিয়ে বিরোধীদের সিলেক্টিভ মানসিকতা অত্যন্ত উদ্বেগজনক। তিনি কোনও একটি রাজ্যের বিরুদ্ধে বলছেন না। তবে সম্প্রতি বাংলার একটি ঘটনা তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখেছেন। এক মহিলাকে রাস্তায় ফেলে সবার সামনে মারধর হচ্ছে।আর ওই বোন চিৎকার করছেন। কিন্তু সেই চিৎকার কারও কানে পৌঁছচ্ছে না, কেউ তাঁকে বাঁচাতে আসছেন না। উল্টে সবাই ভিডিও রেকর্ড করতে ব্যস্ত। আর যে ঘটনা সন্দেশখালিতে হয়েছে, যার ছবি দেখলে গায়ে কাঁটা দেয়। মঙ্গলবার থেকে কত বড় বড় দ্বিগ্বজদের কথা শুনছেন। কিন্তু কারও মুখে এই নিয়ে একটি কথাও শোনা গেল না। এর থেকে বড় লজ্জার আর দুঃখের ঘটনা আর কী হতে পারে।এরপর বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, যিনি নিজেকে মহিলা প্রগতিশীল নেত্রী বলেন, তিনিও চুপ করে আছেন কেন। কারণ এই ঘটনার সম্পর্ক তাঁর রাজনৈতিক জীবনে যুক্ত কোনও দলের সঙ্গে রয়েছে।
