
নেপালের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে আর থাকবে না রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়েছিল নেপালে বলেন্দ্র শাহের মন্ত্রিসভা।
তার বিরুদ্ধেই এ বার আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে সে দেশে। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই বলেন্দ্রর সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। অবস্থান বিক্ষোভ হয়েছে কাঠমান্ডুর ‘সিংহ দরবার’-এও, যেখানে একাধিক প্রশাসনিক দফতর রয়েছে। প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং পড়ুয়ারা।
বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। গত মার্চে বলেন্দ্রর মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। নতুন সরকারের কাজের রূপরেখা কেমন হবে, তা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। সেখানে মোট ১০০ দফা পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়।








