
বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে রবিবার থেকেই পথে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুর পদযাত্রায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কখনও দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনও ওড়িশা, অসমে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার নানুর দিবসের দিন থেকে পথে নামার ডাক দিয়েছিলেন। ৩ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি শনি এবং রবিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূল ছাত্র-যুব ও মহিলা সংগঠন। দলীয় কর্মসূচি ছাড়াও প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার দুপুরে প্রশাসনিক সভাও রয়েছে। উদ্বোধন করবেন জয়দেবে একটি সেতুর। যাতে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক যোগাযোগ আরও মসৃন হয়। এই সেতুর জন্য ৩৩ কিলোমিটার দূরত্ব কমবে দুই জেলার। এরপর ২৯ তারিখ ইলামবাজারে একটি বৈঠক করার কথা তাঁর।
এদিকে চুঁচুড়ায় পথে নেমেছে তৃণমূল। হাতে চেন, তালায় প্রতীকী পরিযায়ী শ্রমিক সেজে প্রতিবাদ জানানো হয়েছে মিছিল থেকে। মিছিলের নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয় এরপর রবীন্দ্রনগর হুগলি মোড়, ব্যান্ডেল হয়ে দেবানন্দপুর হলুদপুর ব্রিজ পর্যন্ত যায়।
