জেনেভায় রাষ্ট্রসংঘের কর্মীদের বিক্ষোভ

0
129
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকা এবং অন্যান্য দাতাদের সাহায্য হ্রাসের ফলে বিশ্বব্যাপী চাকরি হারিয়েছেন রাষ্ট্রসংঘের কয়েক শো কর্মী। এর প্রতিবাদে জেনেভায় রাষ্ট্রসংঘের ইউরোপীয় সদর দফতরের সামনে বিক্ষোভ করেছেন বিশ্ব জুড়ে থাকা এ সংস্থার কয়েকশ’ কর্মী।শান্তির শহর নামে পরিচিত সুইজারল্যান্ডের জেনেভা ইউরোপের মানবিক ও কূটনৈতিক কেন্দ্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাষ্ট্রসংঘের ইউরোপীয় সদর দফতরের সামনে বিক্ষোভে যোগ দেওয়া কর্মীরা,এখনই রাষ্ট্রসংঘের কর্মীদের ছাঁটাই বন্ধ করুন লেখা ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন। রাষ্ট্রসংঘের কর্মীরা পণ্য নয়,স্লোগান দিচ্ছিলেন তারা। আন্দোলনকারী কর্মীরা জানিয়েছেন, ১ মে থাইল্যান্ড এবং মায়ানমারেও ছোট আকারের বিক্ষোভ হয়েছে।এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা,আইওএম এর মতো কিছু সংস্থার স্বল্পমেয়াদী ঠিকাদার এবং কর্মীদের এরই মধ্যে ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে ভবিষ্যতে আরও হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় রয়েছেন।বিভিন্ন দেশের সহায়তা তহবিলের ওপর নির্ভরশীল বিশ্ব খাদ্য কর্মসূচি বা রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার মতো সংস্থাগুলোতে সবচেয়ে বড় ছাঁটাই হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা এসব সংস্থায় সবচেয়ে বড় দাতা দেশ ছিল।