খালি গায়ে প্রতিবাদ , ৪ কংগ্রেস কর্মীর পুলিশ হেফাজত 

0
57
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

দিল্লির এআই সামিটে যুব কংগ্রেস কর্মীদের টি-শার্ট খুলে বিক্ষোভ ঘিরে উত্তাল নেট দুনিয়া। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁদের পাতিয়ালা হাউস কোর্টে হাজির করানো হয়।

তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। যুব কংগ্রেস কর্মীরা নেপালের জেন জি আন্দোলনের ধাঁচে বিক্ষোভের চেষ্টা করেছিলেন বলে আদালতে অভিযোগ করে দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য, এর পিছনে বড় ষড়যন্ত্র থাকতে পারে। গত বুধবার থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ‘ইন্ডিয়া – এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, টেক জায়ান্টরা হাজির হয়েছেন সেই সম্মেলনে।

গতকাল সেখানেই আচমকা ঢুকে পড়েন জনা দশেক যুব কংগ্রেস কর্মী। সামিটে ঢুকেই টি-শার্ট খুলে  শুরু করেন স্লোগান, বিক্ষোভ। কারও টি-শার্টে লেখা ছিল, ‘নরেন্দ্র মোদী আপস করেছেন।’ আবার কারও টি-শার্টে ‘এপস্টিন ফাইলস’, ‘ইন্ডিয়া-ইউএস ট্রেড ডিল’ লেখা। ইতিমধ্যেই বিশ্বমঞ্চে দেশের সম্মানহানি করার অভিযোগে  সরব হয়েছে কেন্দ্রীয় সরকার।