
উত্তরপ্রদেশে প্রভিনশিয়াল সিভিল সার্ভিস পরীক্ষা ঘিরে ছাত্র বিক্ষোভের মধ্যে পিছু হটেছে সরকার। চাকরিপ্রার্থীদের দাবি মেনে এক শিফ্টেই পরীক্ষা নেওয়া হবে জানিয়েছে উত্তরপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশন।
ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশে পিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। পরীক্ষার জন্য পর পর দু’টি তারিখ জানানো হয়েছিল। প্রতিদিন দু’টি করে শিফ্টে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। পৃথক পৃথক শিফ্টে পরীক্ষা নেওয়ায় আপত্তি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। প্রয়াগরাজে পিএসসি দফতরের বাইরে গত চার দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বারবার দাবি উঠেছে, একদিনে এবং একই শিফ্টে পরীক্ষা নিতে হবে। এই বিতর্কের আবহে পিএসসি দফতরের বাইরে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কমিশনের সচিব অশোক কুমার। তিনি জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের দাবির বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জানানো হয়েছে। এরপরেই এক শিফ্টে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিসিএস পরীক্ষা এক শিফ্টে নেওয়া হবে বলে জানালেও, রাজস্ব আধিকারিক এবং সহকারী রাজস্ব আধিকারিক পদের পরীক্ষার বিষয়ে কিছু জানায়নি কমিশন। দ্বিতীয় পরীক্ষার বিষয়েও সরকারের থেকে স্পষ্ট বক্তব্য জানতে চাইছেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা।
ছবি সৌজন্যে : এক্স








