
দিল্লিতে গিয়ে কী ভাবে এগোবে আন্দোলন? পরবর্তী পদক্ষেপ কী, পরামর্শ পেতে ওয়াই চ্যানেলে বাক্স বসাচ্ছেন চাকরিহারারা শিক্ষক-শিক্ষাকর্মীরা।
সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁরা চাকরি হারিয়েছেন, এসএসসির সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবস্থান কর্মসূচি চলছে ধর্মতলার ওয়াই চ্যানেলে। এর আগে তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছিলেন। সেখান থেকে শনিবার রাতে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আগামী দিনে দিল্লিতে গিয়ে আন্দোলন চালানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। কী ভাবে সেখানে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, চাকরিচ্যুতদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সকলের মতামত চাওয়া হচ্ছে। ওয়াই চ্যানেলে একটি বাক্স বসিয়েছেন আন্দোলনকারীরা।
একটি কাগজে সংশ্লিষ্ট পরামর্শ লিখে ওই বাক্সে ফেলে যাওয়ার অনুরোধ করেছেন। সকল চাকরিহারাকে আন্দোলনে শামিল করতেই এই পদক্ষেপ।





