
ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, কড়া হুমকি ও কঠোর দমন-পীড়নের আশঙ্কা সত্ত্বেও ইরানে টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
শুক্রবার রাতেও রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে দেশটির জনগণ।এ সময় রাজধানীর উত্তরাঞ্চলের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেন।ভিডিওতে দেখা গেছে, তেহরানে হাজার হাজার মানুষ মিছিল করছে।এ সময় তারা একটি মসজিদে আগুন দিয়ে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলের রাজতান্ত্রিক পতাকা প্রদর্শন করেন।তেহরানের পাশাপাশি মাশহাদ, তাবরিজ, উরুমিয়েহ, ইসফাহান, কারাজ ও ইয়াজদসহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।দেখা যায়, আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের প্রায় ৫০ বছরের শাসনের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল,স্বৈরশাসকের মৃত্যু হোক, শাহ দীর্ঘজীবী হোন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে তারা বলেছেন, এটি রক্তের বছর, সাইয়েদ আলীর পতন হবেই।এর আগে এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, তারা আমেরিকা ও ইসরায়েলের ইশারায় কাজ করছেন।









