
বাঁশদ্রোণীতে ক্লাস থ্রি-র ছাত্রের মৃত্যুতে অভিভাবকদের বিক্ষোভে তুলকালাম। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুর অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা।
স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস। অভিযোগ ১৩ মে স্কুলে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করে মহাঋষি বিদ্যামন্দিরের ক্লাস থ্রির ছাত্র আয়ুশ নাথ। টিচারদের জানালেও তাঁর কথা শোনা হয়নি, উল্টে তাঁকে পুরো ক্লাস করানো হয়। অসুস্থ অবস্থাতেই কাঁধে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামানো হয়। অভিযোগ সেই সময় পড়ে গিয়ে মাথায় চোট পায় ছোট্ট আয়ুশ। এরপর এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও ২৪ তারিখ মৃত্যু হয় আয়ুশ নাথের। পরিবারের অভিযোগ স্কুলের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে আয়ুশের।
এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার স্কুল ঘেরাও করে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। যাঁর বা যাঁদের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে তাঁদের গ্রেফতারের দাবি তুলেছেন অভিভাবকরা।








