
দাপুটে ফুটবলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ইউরোপ চ্যাম্পিয়নরা সেমিফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।শুরুতেই রিয়াল মাদ্রিদের ওপর চড়াও প্যারিস সেন্ট জার্মেই। ফ্যাবিয়ান রুইজ ও আচরাফ হাকিমিকে ঠেকিয়ে দেন মাদ্রিদের কিপার থিবো কোর্তোয়া। তারপর তাদের রক্ষণের ভুলে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হয়।
৬ মিনিটে আসেনসিও বল বিপদমুক্ত করতে পারেননি। দেম্বেলের বল নিয়ে লক্ষ্যে শট নেন। রিয়াল কিপার বল রুখে দিলেও পেয়ে যান রুইজ। সহজেই জালে বল ঠেলে দেন তিনি। ৯ মিনিটে আবারও রক্ষণের ভুল। রুডিগার বলের দখল ধরে রাখতে না পারলে দেম্বেলে একাই বল টেনে নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন। চাপে পড়া রিয়াল ঘুরে দাঁড়াতে পারেনি। বরং ২৪ মিনিটে বক্সের ভেতরে ডানপাশ থেকে আচরাফ হাকিমির পাস ধরে লক্ষ্যভেদ করেন রুইজ।৩-০ গোলে এগিয়ে থেকে পিএসজি প্রথমার্ধ শেষ করে। ৪৯ মিনিটে পিএসজি আবারও জাল কাঁপায়। কিন্তু দুয়েকে দিয়ে গোল বানানোর সময় অফসাইডে ছিলেন দেম্বেলে। এবং তা বাতিল হয়।৬৯ মিনিটে গনসালো রামোস ও মায়ুলু পিএসজির ব্যবধান বাড়ানোর সুযোগ পান। কিন্তু প্রথম চেষ্টায় বল বাইরে যায়, পরেরটি রুখে দেন কোর্তোয়া।
প্রাক্তন ক্লাবের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে দুয়েকটি সুযোগ পেলেও পোস্টের বাইরে দিয়ে ও ক্রসবারের ওপরে মারেন।ওদিকে রিয়াল ব্যবধান কমাতে না পারলেও পিএসজি ঠিক চতুর্থ গোলের দেখা পায়। ৮৭ মিনিটে বারকোলার বানিয়ে দেওয়া বলে বদলি খেলোয়াড় রামোস জালে বল জড়ান।আগামী রবিবার হবে ফাইনাল। যেখানে আগে থেকে অপেক্ষা করে আছে ছ’বারের ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি।
