
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর,পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আনন্দ উৎসব রূপ নিয়েছিল বিশৃঙ্খলায়। আর সেই দায়ে ক্লাবটিকে মোটা অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
মে মাসে জার্মানির মিউনিখে আয়োজিত ফাইনালে ইন্টারমিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাস গড়ে পিএসজি। কিন্তু ম্যাচ শেষের পর আলিয়াঞ্জ অ্যারেনায় সমর্থকদের অতিরিক্ত উচ্ছ্বাস ও অসদাচরণ তাদের জন্য বয়ে এনেছে শাস্তি।উয়েফার অভিযোগ, ফাইনাল ম্যাচে পিএসজির সমর্থকরা মাঠে ঢুকে পড়ে, আতশবাজি জ্বালায়, বিভিন্ন বস্তু ছুড়ে মারে, সম্পত্তির ক্ষতি করে এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শন করে। নিরাপত্তাকর্মীরা মাঠে নেমে পড়া হাজার হাজার সমর্থককে নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়। এ ঘটনাগুলোর কারণে পিএসজিকে ১ লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
এ ছাড়া একটি প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য পিএসজির অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের টিকিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।তবে এই নিষেধাজ্ঞা আপাতত দু’ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে উয়েফা।








