দেম্বেলেকে ঘিরে অনিশ্চয়তায় পিএসজি

0
152
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বুধবার আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে নামার আগে হ‍্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় যে আশঙ্কা জেগেছিল তাই সত্যি হয়ে এলো পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকের সামনে।

এক বিবৃতিতে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে ফরোয়ার্ডের।লিগ ওয়ানের পরবর্তী ম‍্যাচে তাই স্ত্রাসবুরের বিপক্ষে ২৭ বছর বয়সী দেম্বেলেকে মাঠে পাচ্ছে না পিএসজি।তবে চ‍্যাম্পিয়নস লিগে বুধবার আর্সেনাল ম‍্যাচে তাকে পাওয়ার ব‍্যাপারে আশাবাদী পিএসজি কোচ লুইস এনরিকে। এদিকে এই সিজনে উড়তে থাকা পিএসজির অন্যতম তারকা খেলোয়াড় দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই সিজনে ৩৩ গোল ও ১২ অ্যাসিস্টে দলের হয়ে ৪১ গোলে অবদান রেখেছেন দেম্বেলে। শেষ আর্সেনালের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটিও করেছেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে।পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচের পরে বলেছিলেন যে দেম্বেলের চোট খুব সামান্য, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেম্বেলে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে অনুপস্থিত থাকলে তার দল দেখাবে যে তারা একটি সত্যিকারের দল।

তবে কোচ এনরিকে যা-ই বলুক না কেন, চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত পিএসজির হয়ে আট গোল ও তিন অ্যাসিস্ট করেছেন ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে ফরাসি দলটির জন্য তাই বিকল্প নেই দেম্বেলের।  এদিকে, ক্লাবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে ডান পায়ের দ্বিতীয় মেটাটারসালে চোট পেয়েছেন এবং তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।