
হাথরাসে পদপিষ্ট হয়ে শতাধিকেরও বেশি মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ওই ঘটনায় সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই আর্জিই জানানো হয়েছে মামলায়।
জানা গিয়েছে, আইনজীবী বিশাল তিওয়ারি ওই মামলা করেছেন। তাঁর আবেদন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন আইনজীবী। আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ-সহ সব রাজ্য থেকে পদপিষ্ট হওয়ার ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, কতগুলি এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে স্টেটাস রিপোর্ট দিতে হবে। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে কোনও গাইডলাইন আছে কিনা, সেটাও জানতে চাওয়া হয়েছে।এফআইআরে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, আয়োজকরা ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি চেয়েছিল, কিন্তু জমায়েত হয়েছিলেন প্রায় আড়াই লাখ মানুষ।পাশাপাশি দুর্ঘটনার সময় আয়োজকরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা করেন।
