
বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনায় এ বার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।
ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। খগেনের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। জানানো হয়েছে, এর পর যে দিন অবকাশকালীন বেঞ্চ বসবে, সে দিনই এই মামলার শুনানি হবে।
গত সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। দু’জনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন।








