
১০ টি শ্রমিক সংগঠনের ডাকা বনধের প্রভাব পড়েছে ব্যাঙ্ক পরিষেবায়। দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের দরজায় তালা ঝুলছে। ফলে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা। ওড়িশায় খুরদায় জাতীয় সড়ক অবরোধ করেছেন বাম সমর্থিত শ্রমিক সংগঠন সিটুর সমর্থকেরা।
অন্যদিকে বিহারের মুজাফফরপুর, বেগুসরাইতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরজেজি-র বনধ সমর্থকরা। দ্বারভাঙা স্টেশনে সম্পর্কক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ বন্দরে বনধের ব্যাপক প্রভাব পড়েছে। ভারত বনধে ব্যাপক প্রভাব পড়েছে বর্তমানে দেশের একমাত্র বামশাসিত রাজ্য কেরালায়। কোট্টায়ামের সমস্ত দোকান ও হাটবাজার, মলে এদিন সকাল থেকে ঝাঁপ ফেলা ছিল।
কোচি ও কোল্লাম জেলায় বনধ সমর্থনকারীরা রাজ্য পরিবহণের বাস আটকানোর চেষ্টা করেন। এছাড়াও কোঝিকোড়, মালাপ্পুরম, কান্নুর এবং কাসারগোড়েও এদিন জনজীবন সম্পূর্ণ স্তব্ধ ছিল। দক্ষিণের তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানায় বিক্ষিপ্তভাবে বনধ সমর্থকরা মিছিল-মিটিং করলেও তেমন কোনও প্রভাব পড়েনি।
