
বাবা সিদ্দিকিকে খুনের পরিকল্পনা ভেস্তে গেলে প্ল্যান বি তৈরি রেখেছিল দুষ্কৃতীরা। সেক্ষেত্রে তাদের বিকল্প টার্গেট হতেন পুণের এক নেতা। তদন্তে এমনটাই জানতে পেরেছে মুম্বই পুলিশ।
তাদের অপরাধদমন শাখা ওই বিকল্প পরিকল্পনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে। দাবি, পুলিশি জেরার মুখে তিনি স্বীকার করেছেন, তাঁকে পুণের এক নেতাকে খুনের জন্য ভাড়া করা হয়েছিল। তবে বাবা সিদ্দিকি হত্যার পরিকল্পনা সফল হওয়ায় তাঁর ডাক পড়েনি। একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় পরিকল্পনায় সেই পিস্তল ব্যবহার করা হতে পারত। মুম্বই পুলিশ আগেই জানিয়েছিল, বাবা সিদ্দিকি হত্যার নেপথ্যে মুম্বইয়ের জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর হাত রয়েছে। তাঁর ভাই আনমোল বিশ্নোইয়ের সঙ্গে খুনিদের কথা হয়েছিল বলেও প্রমাণ পাওয়া গিয়েছে, দাবি তদন্তকারীদের। ওই গোষ্ঠীই বিকল্প পরিকল্পনা করে রেখেছিল।
তদন্তের স্বার্থে পুণের ওই নেতার পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে পুণে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে তাদের অবগত করেছে মুম্বই পুলিশ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল








