
পাঁচ কোটি নগদ, গ্যারাজে অডি, মার্সিডিজ, ড্রয়ারে সাজানো দামি দামি গড়ি। পাঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি হরচরণ সিং ভুল্লারের বাড়ি থেকে বিপুল অর্থ, বহু মূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করেছে সিবিআই।
ঘুষ চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তদন্তের সূত্রপাত। সেই সূত্র ধরে পঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি হরচরণ সিংহ ভুল্লারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সিবিআই জানিয়েছে, স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা জানিয়ে ঘুষ দাবি করেছিলেন হরচরণ। সেই সূত্রে ধরা পড়েছেন ডিআইজি হরচরণ। পঞ্জাবের ফতেহগড় সাহিবের ব্যবসায়ী আকাশ বাট্টা দিন কয়েক আগে ঘুষের অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ডিআইজি হরচরণ তাঁকে একটি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিলেন। একইসঙ্গে নিস্তার পাওয়ার পথও বাতলে দিয়েছিলেন তিনি।
প্রাথমিক ভাবে আট লক্ষ দাবি করেছিলেন হরচরণ। আর মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিলেই ওই মামলা থেকে রেহাই মিলবে বলে জানিয়েছিলেন ডিআইজি হরচরণ। তবে নিজে সরাসরি ঘুষ দাবি করেননি। কৃষ্ণ নামে ব্যক্তির মধ্যস্থতায় হয়েছিল সেই চুক্তি। এমনই দাবি অভিযোগকারী ব্যবসায়ীর। কৃষ্ণ নামে ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে সিবিআই।





