এগরায় নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

0
125
ছবি সৌজন্যে : নিজস্ব

নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরা। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তরা অধরা।

১৮ মার্চ সন্ধ্যায় এগরা ১ নম্বর ব্লকের জেড়থান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। এগরার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছয়।

সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।