
গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরেছেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। ফুলে-মালায় সজ্জিত করা হয়েছিল ৩টি রথ। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। গুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। গুন্ডিচা মন্দিরে এক সপ্তাহ কাটানোর পর এ বার পুরী মন্দিরে ফিরেছেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।
জগন্নাথ মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২ টায় শুরু হয়েছে পাহান্ডি অনুষ্ঠান। তার আগে দুপুর আড়াইটে নাগাদ প্রথা অনুযায়ী রাজা গজপতি মহারাজা দিব্যসিংহ দেব সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়েছেন। বিকেল চারটেয় রথে ঘোড়া লাগানোর পর শুরু হয়েছে রথ টানা। পুরো রাস্তাতেই রয়েছে কড়া পুলিশি প্রহরা। পুলিশ সূত্রে খবর, টেম্পল টাউনে ৬ হাজার রাজ্য পুলিশ কর্মী এবং ৮০০ সিএপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। ২৯ জুন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য রথের কাছে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের। সে সময়ে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত্যু হয় তিন জনের। আহত হন বহু ভক্ত।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুরীর আবহাওয়া অনুকূল ফলে দর্শনে আরও বেশি মানুষের ভিড় করার সম্ভাবনা রয়েছে। তাই ভিড়ের উপর নজর রাখতে বিশেষ এআই ক্ষমতা সম্পন্ন ২৭৫টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথের যাত্রাপথে।
