
মোবাইল চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে পুরুলিয়ায়। পরিবারের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের সামনে ঘটনা ঘটলেও কোনও বাধা দেন নি তিনি।
জানা গিয়েছে চাকোলতোড়ের বাসিন্দা বছর ২০-র তাপস মহাপাত্র রবিবার বলরামপুরের উরমা গ্রামে এক পরিচিতের বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার ফিরেও আসেন। অভিযোগ বিকেলে উরমা গ্রামের কয়েকজন তাঁকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এরপর বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তরাই বাড়ির লোককে ফোন করে জানায় তাপসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় তাপসের। পরিবারের তরফে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার সাংবাদিক বৈঠক করে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পরিবারের অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেকজনকে দ্রুত গ্রেফতার করা হবে।
