
খেজুর খাওয়ানোর নাম করে এক বালিকাকে পুকুরের পারে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক টোটোচালক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী থানার বাসিন্দা বছর দশেকের একটি মেয়ে সাইকেল চালিয়ে বাড়ির অদূরে একটি দোকানে গিয়েছিল চকোলেট কিনতে। সেই সময় পেশায় টোটোচালক এক যুবক নাবালিকাকে খেজুর খাওয়ানোর নাম করে স্থানীয় একটি পুকুরের পারে ডেকে নিয়ে যান। অভিযোগ সেখানেই মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকা বাড়িতে ফিরে কাঁদতে শুরু করে। পরে পরিবারের লোকজন কান্নার কারণ জিজ্ঞাসা করলে নির্যাতনের কথা পরিবারের লোকজনকে জানায়। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এর পর রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
অন্যদিকে, নির্যাতিতা শারিরীক ভাবে অসুস্থ বোধ করায় তাকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম সাজার দাবিতে সরব হয়েছে নির্যাতিতা’র পরিবার।









