বক্স অফিসে চলেছে ‘পুষ্পা’ তাণ্ডব

0
111
ছবি সৌজন্যে : সংগৃহীত

সদ্যই গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। পুষ্পা টু : দ্য রুল-এর প্রিমিয়ারে এক ফ্যানের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে।

এরপর ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়। যদিও পরে সন্ধার দিকে জামিন পান তিনি।কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে। রাতটা জেলেই কাটাতে হয় অভিনেতা আল্লু অর্জুনকে। তবে এসবকিছুর মধ্যে থেমে থাকেনি বক্স অফিসে তার সিনেমাটির তাণ্ডব।একের পর এক রেকর্ড করেই চলেছে পুষ্পা টু: দ্য রুল।মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল আল্লু অর্জুনের সিনেমাটি।মুক্তির পর বক্স অফিসে দেখা যাচ্ছে সেই দৃশ্য। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের পুষ্পা টু। মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বব্যাপী স্পর্শ করেছে ১২ শো কোটি টাকার রেকর্ড। ভারতেও সিনেমাটির আয় গিয়ে দাঁড়াল ৯ শো কোটির খুব কাছে।রিপোর্ট অনুসারে, পুষ্পা টু : দ্য রুল ভারতীয় বক্স অফিসে ৮ শো ৫০ কোটি টাকা আয় ছাড়িয়েছে।চলতি সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে হাজার কোটির রেকর্ড স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।রিপোর্ট অনুসারে, মুক্তির দশম দিন শনিবার ভারতে পুষ্পা টু আয় করেছে ৬৩ কোটি টাকা। এর আগে, নবম দিনে আয় করেছিল ৩৬ কোটি। কিন্তু আল্লু অর্জুনের গ্রেপ্তার বিতর্কে একদিনেই আয় দ্বিগুনে পৌঁছায় সিনেমাটির।রবিবার এখন পর্যন্ত ২৮.১৪ কোটি আয়ের তথ্য পাওয়া যাচ্ছে।যার ফলে সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮ শো ৫৪ কোটি টাকা। ১১ দিনে বিশ্বব্যাপী আয় ১২ শো কোটি ছাড়িয়েছে সিনেমাটির। ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয়ে শাহরুখ খানের পাঠান, জওয়ানের মতো সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে আল্লু আর্জুনের এই অ্যাকশন প্যাকড সিনেমা।এদিকে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে,পুষ্পা টু। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি। অনেকেই ভাসাচ্ছেন প্রশংসায়। তবে সমালোচকদের প্রশ্নের তীরেও বিদ্ধ হচ্ছে সিনেমাটি।

অনেকের মতে, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি পুষ্পা টু। গল্পে দম নেই বলেই মনে করছেন অনেকে। বলছেন, প্রথম কিস্তির মতো বৈচিত্রতাও নেই চিত্রনাট্যে। তবে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আল্লু অর্জুন।