ফের বিপাকে ‘পুষ্পা’, এবার হাইকোর্টে

0
1873
ছবি সৌজন্যে : সংগৃহীত

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা,পুষ্পা টু মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। এটি এখন পর্যন্ত ভারতীয় সিনেমা শিল্পে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার একটি। তবে মুক্তির আগে থেকে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে সিনেমাটি।

বিশেষ করে একটি বিশেষ শোতে এক মহিলার মৃত্যুর পর আল্লু অজুর্নসহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।এবার নতুন বিতর্কে জড়িয়েছে আল্লু অর্জুনের সিনেমা। খবর,পুষ্পা টু সিনেমার বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করেছেন সিনে প্রেক্ষা বিনিয়োগা দারুলা সংঘম এর সভাপতি জিএল নরসিমহা রাও।মামলার আবেদনে তিনি বলেছেন,পুষ্পা টু সিনেমার আয় থেকে পাওয়া মুনাফা কম বাজেটের চলচ্চিত্রের কল্যাণ ও ভর্তুকির জন্য আলাদা করে রাখতে হবে।তার যুক্তি, সিনেমাটি বিশ্বজুড়ে এক হাজার আটশ কোটি টাকার বেশি আয় করেছে।টিকিটের দাম ও বেনিফিট শো বৃদ্ধির কারণে সিনেমাটি মূলত বড় অঙ্কের মুনাফা করেছে। তিনি টিকিটের দাম ও বিশেষ স্ক্রিনিংয়ের অনুমোদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এজন্য সুপ্রিমকোর্টের একটি রায়কে উদ্ধৃত করেছেন।তিনি আদালতকে অনুরোধ করেছেন, সিনেমার মুনাফা থেকে পাবলিক থিয়েটার তৈরি ও কম বাজেটের সিনেমাকে সাহায্যের ব্যবস্থা গ্রহণ করতে হবে।তবে শুনানি শেষে বিচারক মামলার আবেদনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেছেন, বেনিফিট শো ও টিকিটের দাম বৃদ্ধি ইতিমধ্যে শেষ হয়েছে।

তবে আবেদনকারী স্পষ্ট করে বলেছেন, এই মামলাটি জনস্বার্থে করা হয়েছে, বিশেষত সিনেমা থেকে পাওয়া মুনাফার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।শুনানির পর আদালত আবেদনকারীকে নির্দেশ দেন সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট রায়ের প্রতিলিপি যেন তার দাবির সঙ্গে সংযুক্ত করা হয়।