
আমেরিকার অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন।
একইদিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন। ২৫ নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত।এদিকে আমেরিকার ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।
গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন, আমেরিকা ও অন্যান্য পশ্চিমী দেশগুলোর সরকার তা ভুয়ো নির্বাচন বলে বাতিল করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে, বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছেন, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে।








