
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্রেমলিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, চলতি বছরের শেষের আগেই প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তারা আশা করছে, সফরটি হবে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, পুতিন আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে যাবেন।তিনি শেষ ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত সফর করেছিলেন। সেই সফরের কয়েক মাস পর, ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন, যা থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এদিকে,গত মাসে নিজেও পুতিন এই সফরের কথা উল্লেখ করে জানান, তিনি ডিসেম্বরের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন। তিনি আরো বলেন, আসন্ন শীর্ষ বৈঠকে ভারত-রাশিয়া বাণিজ্যের ভারসাম্যহীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সাংবাদিকদের ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বছরের শেষের দিকে নির্ধারিত পুতিনের ভারত সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছেন, এটি হবে একটি অর্থবহ ও ফলপ্রসূ সফর। তবে সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে তিনি কিছু জানাননি।
