
শীঘ্রই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের সংবাদ সংস্থা জানিয়েছে,আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।এর আগে অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দু’জনের পার্শ্ববৈঠকও হয়েছিল সে সময়। তার আগে গত বছরেরই জুলাইয়ে রাশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদী।
সে সময়ই তিনি ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সেই প্রসঙ্গ তুলে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ বলেছেন,প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত রাশিয়া এবং ভারত, একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায় শীর্ষক আলোচনাসভায় লাভারভ জানিয়েছেন, নয়াদিল্লি-মস্কো কৌশলগত সম্পর্কে নতুন পর্বের সূচনা হবে পুতিনের সফরে।
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই আমেরিকা-সহ নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের উপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে আমেরিকা।
