
অগাস্টেই চাকরি যাবে! সেই অবসাদে এক যোগ্য শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে পুরুলিয়ায়।
স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সি ঈপ্সিতা দাস মহাপাত্র নামে এক স্কুলশিক্ষিকার। ২০১৬ সালের এসএসসি প্যানেলে নাম ছিল ঈপ্সিতার। পুরুলিয়া-২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা পড়াতেন ওই শিক্ষিকা। তবে এসএসসি দুর্নীতি মামলায় আদালত যে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে, তাঁদের মধ্যে পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার বাসিন্দা ঈপ্সিতাও একজন। ২০২৫ সালে এসএলএসটি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা করতে পারেননি তিনি। ফলে তাঁর চাকরির মেয়াদ ছিল চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত।
পরিবারের দাবি, ঈপ্সিতা কাউকে টাকা দিয়ে চাকরি পাননি। তিনি যোগ্য প্রার্থী ছিলেন। সম্প্রতি চাকরি হারানোর আতঙ্ক এবং আশঙ্কা তাঁকে গ্রাস করেছিল।
