প্রশ্নফাঁস : কোটায় আন্দোলনের ডাক রাহুল গান্ধীর

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

নিট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা, একের পর এক প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের জেরে দেশের ছাত্র ও যুবসমাজের ক্ষোভকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে এবার সরাসরি ময়দানে নামলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৭ জুন রাজস্থানের কোটায় পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের এক বিশাল সমাবেশে যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ছাত্রদের গর্জন। নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধীর তোপ, একের পর এক প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল এবং নিয়োগ প্রক্রিয়ায় দিনের পর দিন দেরি করে দেশের যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স’-এ একটি দীর্ঘ পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, আজকের ভারতে তরুণ প্রজন্মকে যেন,স্বপ্ন দেখার জন্য শাস্তি পেতে হচ্ছে। কঠোর পরিশ্রম করেও যে তরুণ-তরুণীরা সাফল্যের নিশ্চয়তা পাচ্ছেন না, সেই কঠিন বাস্তবকে তুলে ধরেছেন তিনি। কংগ্রেস নেতার স্পষ্ট কথা, প্রতিটি প্রশ্নফাঁস, প্রতিটি পরীক্ষা বাতিল এবং থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া আসলে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গোটা ব্যবস্থার ব্যর্থতা। আর এর জেরে কোটি কোটি ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।

দেশের যুবসমাজের মনে জমে থাকা তীব্র ক্ষোভ ও হতাশার কথা মেনে নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য, সরকার যখন জনগণের কথা শুনতে চায় না বা শুনতে অস্বীকার করে, তখন মানুষকে নিজের অধিকারের জন্য কণ্ঠস্বর আরও জোরালো করে তুলতে হয়। দেশের সমস্ত পড়ুয়াকে কোটায় এসে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই প্রতিবাদকে এমন এক স্তরে নিয়ে যেতে হবে যা উপেক্ষা করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।