
নিট ইউজি -এর পুনঃর্পরীক্ষা আগামী ২১ জুন, তার ঠিক আগেই প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং ভুয়ো খবরের রমরমা বন্ধ করতে কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। ভারতে সাময়িকভাবে ব্লক করা হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা,ন্যাশনাল টেস্টিং এজেন্সি।এনটিএ-র সুপারিশ মেনেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচারটিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিকে। এনটিএ-র দাবি, গত কয়েক সপ্তাহে টেলিগ্রামে একাধিক চ্যানেল খোলাখুলিভাবে সক্রিয় ছিল। এই চ্যানেলগুলির মাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত দাবি, বিভ্রান্তিকর তথ্য এবং পরীক্ষার্থীদের প্রতারণার আশঙ্কা তৈরি হচ্ছিল। এনটিএ জানিয়েছে, জালিয়াতি চক্রগুলি টেলিগ্রামের এডিটিং ফিচার ব্যবহার করে প্রশ্ন ফাঁসের ভুয়ো প্রমাণ তৈরি করছিল।পরীক্ষা শেষ হওয়ার পর পুরনো কোনও পোস্ট বা মেসেজ এডিট করে সেখানে প্রশ্নপত্র জুড়ে দেওয়া হচ্ছিল।
কিন্তু এডিট করার ফলে মেসেজের আসল টাইমে কোনও পরিবর্তন হচ্ছিল না। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মনে হচ্ছিল পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন বাইরে চলে এসেছিল। এই বিভ্রান্তি ও ব্ল্যাকমেল রুখতেই ৩০ জুন পর্যন্ত এডিট অপশন বন্ধ রাখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার-এর তৎপরতায় ইতিমধ্যেই একাধিক টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ এবং বট ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।অভিযোগ,নিটের প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে এই চ্যানেলগুলি পড়ুয়াদের থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করছিল।
