আরজি কর : দেশজুড়ে চিকিৎসকদের বিক্ষোভ

0
139
RG Kar  Doctors protest across the country
RG Kar Doctors protest across the country
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত।আর চিকিৎসকদের বিক্ষোভ এবং কর্মসূচিতে বিপর্যস্ত দেশের স্বাস্থ্য পরিষেবা।
মৃত চিকিৎসকের খুনের ঘটনার যথোপযুক্ত তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হচ্ছে। বিক্ষোভরত চিকিৎসকদের দাবি, নিরাপত্তা নিশ্চিত না হলে ডিউটিতে যোগ দেবেন না তাঁরা।দিল্লির এইমস-সহ বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে কর্নাটক, উত্তরপ্রদেশেও চিকিৎসকদের একাংশ প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন। বিচার চাই, পোস্টার হাতে হাসপাতালগুলির চত্বরে বিক্ষোভে শামিল হয়েছেন চিকিৎসকদের একাংশ। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেও পোস্টার দেখা গিয়েছে বিক্ষোভকারীদের হাতে। কেন্দ্রীয় সুরক্ষা আইন কার্যকরের দাবিও শোনা গিয়েছে আন্দোলনরত চিকিৎসকদের মুখে।সোমবারের পর মঙ্গলবারও হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সব পরিষেবাই। সূত্রের খবর, দিল্লির এইমসের ৮০ শতাংশ অস্ত্রোপচারই বন্ধ।ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে আইএমএ। তাদের বক্তব্য, কলকাতার হাসপাতালে যা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।