
আর জি করের চিকিৎসকের দেহ উদ্ধারের ৬ ঘন্টা পর কেন ময়নাতদন্ত করা হয়েছে। কেনই বা দ্রুত দাহ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই প্রশ্ন তুলেছে সিবিআই।সোমবার আর জি কর মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে গুরুতর সংশয় প্রকাশ করা হয়েছে আদালতে। সিবিআইয়ের বক্তব্য, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম ৫ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সিবিআই ৫ দিন পরে ঘটনাস্থলে গিয়েছে। তখন কিছু পাল্টে গিয়েছে।এরপরে সঠিক ভাবে ময়নাতদন্ত হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুলজি। তখন সিবিআইয়ের তরফেও জানানো হয়, ময়নাতদন্ত কখন করা হয়েছে সেই সময়ের উল্লেখ নেই। যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি, সব কিছু উল্লেখ রয়েছে। তখন প্রধান বিচারপতির এজলাসে আইনজীবী ফিরোজ এডুলজি বলেছেন, দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শুধুমাত্র ১০ বার জিডি এন্ট্রি করা হয়েছে। পুরোটা পরে তৈরি করা হয়নি তো। অনেক রহস্য রয়েছে। তারপরে প্রধান বিচারপতি জানিয়েছেন, আগে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দিতে দেওয়া হোক। তারপর সব পক্ষ নিজেদের প্রশ্ন তাদের কাছে রাখতে পারবে। এরমধ্যে আইনজীবী ফিরোজ এডুলজি এডুলজির বক্তব্য, বলা হচ্ছে, মৃতার পা ৯০ ডিগ্রি কোণে ছিল। হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয়। ঘটনার এক মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না, তা নিয়েও প্রশ্ন রয়েছে আইনজীবীর। হাসপাতালের শৌচালয়ের সব টাইলসও বদলে ফেরা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন ফিরোজ এডুলজি। তাঁর দাবি, ফলে অভিযুক্তের লুমিনেল পরীক্ষা করানো হলেও কিছু পাওয়া যাবে না। প্রধান বিচারপতিও জানতে চান, মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। তার চালান কোথায়, সে নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।




