
মর্যাদাপূর্ণ এল ক্লাসিকোর লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ।ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি ৪-০ ব্যবধানে হেরেছে রিয়াল। স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত ছিলেন রিয়াল মাদ্রিদের দর্শকরা।
আর ক্ষেপে গিয়েই কি না বার্সেলোনার লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করেছেন স্বাগতিক সমর্থকরা। বার্সার হয়ে তৃতীয় গোল করেছিলেন লামিন ইয়ামাল। গোলের পরপর উদযাপন করতে গ্যালারির এক প্রান্তের দিকে ছুটে যান বার্সা তারকা।এসময় দর্শকদের লক্ষ্য করে হাত দিয়ে নিজের জার্সি নাম্বারের দিকে ইঙ্গিত করেন ফুটবলার ইয়ামাল। স্প্যানিশ তরুণের এমন উদযাপন মেনে নিতে পারেননি একদল দর্শক।গ্যালারিতে বসেই বার্সা তারকাকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন তারা।ইয়ামালের সঙ্গে দর্শকদের এমন আচরণ সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে। সেটা নজরে আসা মাত্রই এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ফুটবলে কঠোরভাবে বর্ণবাদী যেকোনো আচরণ, জেনোফোবিয়া বা সহিংসতার বিপক্ষে। বার্নাব্যুর এক কোণায় কিছু সমর্থকের এ ধরনের আচরণে গভীরভাবে অনুতপ্ত। এদিকে,ম্যাচজুড়ে রিয়ালকে হুমকিতে রাখা ইয়ামালের এটিই আবার প্রথম এল ক্লাসিকো গোল।এই গোলে ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই প্রাক্তন ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।অন্যদিকে ইয়ামাল শুধু গোল রেকর্ড গড়েই নয়, আলোচনায় এসেছেন উদ্যাপনের কারণেও।
গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত কালমা উদ্যাপন,এই উদ্যাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি,ফিরিয়ে এনেছেন ইয়ামাল। সাধারণত এই উদ্যাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা গিয়েছে রোনালদোকে।








