
অনিল অম্বানীর সংস্থার ভরসায় না থেকে ভারতীয় বায়ুসেনা ব্যবহৃত রাফাল যুদ্ধবিমানগুলির রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য ভারতে নিজস্ব পরিকাঠামো গড়তে চলেছে দাসো অ্যাভিয়েশন।
ফরাসি বিমান নির্মাতা সংস্থাটি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের নয়ডায় জ়েওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ইউনিটটি খোলার বিষয়ে অনুমতি চেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।রাফালের পাশাপাশি ভারতীয় যুদ্ধবিমান দাসো অ্যাভিয়েশন নির্মিত মিরাজ-২০০০ যুদ্ধবিমান ব্যবহার করে। সেগুলিরও রক্ষণাবেক্ষণ এবং মেরামতির ব্যবস্থা থাকবে নয়ডায়। পাশাপাশি ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর ব্যবহৃত রাফাল যুদ্ধবিমানগুলির নয়াডায় সারাইয়ের অনুমতিও চাওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের কাছে। এক্ষেত্রে আবেদনপত্রে অনিল অম্বানীর নাম উল্লেখ করা হয়নি বলে খবর।প্রসঙ্গত, ভারতে রাফাল যুদ্ধবিমান বিক্রির শর্ত হিসেবে অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স এডিএজি-কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার বিষয়টি দাসো মেনে নিতে বাধ্য হয়েছিল বলে অভিযোগ। সংসদের বিরোধীরা বিষয়টি নিয়ে সরবও হয়েছিল একাধিকবার।
