আর্জেন্টিনাকে অবশ্যই হারাতে চান রাফিনিয়া

0
148
ছবি সৌজন্যে : এক্স

আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময় পার করছে ব্রাজিল। এমনকি প্রায় ছ’ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা নেই ব্রাজিলের। তবে এবারে এই দুর্ভাগ্যের ইতি টানতে চায় ব্রাজিল। ২৬ মার্চ ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই ৬ বছরের অপেক্ষাটা শেষ করতে মরিয়া ব্রাজিল। দলের তারকাদের ফর্মটাও সেভাবেই কথা বলছে।ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোর পারফরম্যান্সই মলিন করতে পারে আর্জেন্টিনার উৎসব।

তবে এদের মাঝে রাফিনিয়া যেন একটু বেশিই আগ্রহী।বার্সেলোনা ফরোয়ার্ডের বিশ্বাস, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন তারা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেছেন, আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও।নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।

উল্লেখ্য আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল শেষ জিতেছে ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে ২-০ গোলে। তারপর থেকে চারবারের দেখায় তিনটিতেই ব্রাজিল হেরেছে, অন্যটি ড্র। শেষ, ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মায়াকানন স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।