
দোর্দণ্ডপ্রতাপ ডাকাত। দুস্থদের রবিনহুড আর অত্যাচারী নীলকর সাহেবদের যম,যাঁর ডঙ্কার আওয়াজে বুক কাঁপত ব্রিটিশদেরও, সেই রঘু প্রেমিক হিসেবে কেমন? অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন পোস্টারে খানিক ইঙ্গিত দিয়েছেন দেব। যেখানে দেব-ইধিকার প্রেম-প্রেম চাহনিতে ফুটে উঠল রঘু-সৌদামিনীর ভাব-ভালোবাসার ঝলক।
তবে সিনেম্যাটিক ভাষায় বলতে বলে,পিকচার অভি বাকি হ্যায়। রঘু খবর দিয়েছেন ঝিলমিল আলোয়,সৌদামিনী’র সঙ্গে রোম্যান্টিক গান নিয়ে আসতে চলেছেন তিনি। আর তাতেই যেন চলতি ধূমকেতু বিতর্ক-ক্ষতে খানিক মলমের প্রলেপ পড়ল। শুভশ্রীর সঙ্গে মন কষাকষি, তরজার মাঝেই মধ্যমণি হিসেবে স্পটলাইটে প্রত্যাবর্তন কিশোরী ইধিকা পালের।দেবের পিরিয়ড ড্রামার নতুন গান,ঝিলমিল লাগে রে। সেই গান রিলিজের ঘোষণা করতেই রং মিলান্তি পোশাকে রোম্যান্টিক জুটি হিসেবে ধরা দিয়েছেন দেব-ইধিকা। যেখানে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ফ্রেমে ফুটে উঠবে রঘু-সৌদামিনীর প্রেমের ঝলক।উল্লেখ্য, রঘু ডাকাত টিম নিয়ে সামনেই দেবের পশ্চিমবঙ্গ ট্যুর। মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ-সহ একাধিক জায়গায় ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠান। দর্শকদের নাড়িস্পন্দন আর বক্স অফিসে বাজিমাত করার স্ট্র্যাটেজি টলিউড সুপারস্টারের ভালোই জানা। অতঃপর রঘু আসার প্রাক্কালেও প্রচারে কোনওরকম খামতি রাখছেন না দেব। সামনেই পুজোর মরশুমে রিলিজ।
উপরন্তু ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সবমিলিয়ে ধূমকেতু-র রেশ কাটতেই রণহুঙ্কার দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রঘু ডাকাত, দেব। উল্লেখ্য,নতুন বছরের শুরুতেই রঘু ডাকাত লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত পয়লা টিজারে রঘু ডাকাত, দেব আরও ভয়ানক অবতারে ধরা দিয়েছেন।








