
নিষেধাজ্ঞা ওঠার পরেও পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে টেকনিসিয়ানদের অসযোগিতায় এবার পরিচালকরা সোমবার থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।
ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তোলার পরেও শুটিং ফ্লোরে ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়। পরিচালকদের বিরুদ্ধে টেকনিসিয়ানদের অসহযোগিতার অভিযোগ ঘিরে ফের জট টলিপাড়ায়। শনিবার থেকেই টেকনিসিয়ান স্টুডিওয় নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমত পরিচালক রাহুল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিসিয়ানরা। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়রা। রাজ চক্রবর্তী টেকনিসিয়ানদের ২ দিনের সময় বেধে দিয়েছেন। তার মধ্যে অবস্থা না পাল্টালে এবার ডিরেক্টররা কাজ বন্ধ করবেন। অন্যদিকে পরমব্রত বলেছেন আইন তৈরি করার ক্ষমতা দেশের কোনও কোম্পানি, প্রতিষ্ঠান কিংবা কোনও ব্যক্তি বিশেষের নেই। এরকম পরিস্থিতি হলে আলটিমেট সিনেমারই ক্ষতি এমনটাই মনে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব। দ্রুত সমস্যার সমাধান চাইছেন তাঁরা। ফেডারেশনের নিয়ম না মেনে, না জানিয়ে বাংলাদেশে শুটিং করার অভিযোগ ওঠায় তাঁকে ৩ মাসের জন্য ব্যান করা হয়েছিল। এরপরেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে যেখানে টালিগঞ্জে কাজ পাওয়া নিয়ে সমস্যা সেখানে কে কোথায় কাজ করবে তা ঠিক করতে পারে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এরপরেই শুক্রবার রাহুলের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।
