
দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অদূরে ধর্নায় বসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
রাহুলের বোন তথা কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী, এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল-সহ দলের সাংসদেরা মঙ্গলবার লোককল্যাণ মার্গের ওই অবস্থান আন্দোলনে যোগ দিয়েছেন।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফাও দাবি করেছেন রাহুলেরা। এর আগে মেডিক্যাল প্রবেশিকা,নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি ,সিজেপি-র ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে সোমবার অশান্ত হয়েছিল দিল্লি।পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসের বাধা কাটিয়ে সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। নিরাপত্তার কারণে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল।এদিকে সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের সাংসদেরা।উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যেরাও।
সিজেপি নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ করেছে পুলিশ। এক মাস আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে সিজেপি যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিল।
