
রাহুল গান্ধীর নেতাজির মৃত্যুদিন নিয়ে পোস্টের বিতর্কে এক সুর আক্রমণ করেছে তৃণমূল-বিজেপি ও ফরওয়ার্ড ব্লক। রাহুল গান্ধী-কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন, লোকসভার বিরোধী দলনেতা নিজের পোস্টে যে ভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিয়েছেন, তা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করার জন্য একাধিক কমিশন গঠিত হয়েছে। শেষ যে কমিশন মত দিয়েছে, তাদের মতে ওই দিনটা নেতাজির মৃত্যুদিন নয়। তার পরেও বিরোধী দলনেতার মতো পদে বসে থাকা ব্যক্তি যে কাজ করলেন, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। রাহুলের পোস্ট সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, নেতাজি সম্পর্কে অন্তর্ধান রহস্য কথাটা ব্যবহার করা হয়। তাইহোকুতে কোনও বিমান দুর্ঘটনা ওই দিন আদৌ ঘটেছিল কি না, তাতে আদৌ কারও মৃত্যু হয়েছিল কি না, তার কোনও প্রমাণ নেই। বরং এর পরের অনেকটা ঘটনা অকথিত রয়েছে। কুণাল বলেছেন, ক্ষমা শব্দটা ব্যবহার করছেন না। তবে রাহুল গান্ধীর উচিত নিজের বক্তব্য সংশোধন করা। ফরওয়ার্ড ব্লক চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায় রাহুলকে অর্বাচীন বলে আক্রমণ করেছেন। নরেনের কথায়, নেতাজির মৃত্যুদিন সম্পর্কে কংগ্রেস আগেও বিতর্ক তৈরি করেছে। আবার করল। কংগ্রেস বরাবরই এটা করে থাকে। নরেনের তোপ,একটা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তি এত দায়িত্বজ্ঞানহীন কাজ করলে তাঁকে অর্বাচীন ছাড়া আর কী বলা যায়।
