
তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অবমাননার অভিযোগের মামলায় আদালতে হাজিরা দিয়ে জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
শুক্রবার উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে হয়েছে রাহুল গান্ধীকে। আদালতে তাঁর বয়ান রেকর্ড হয়েছে। আদালতে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেকজেন, তিনি নির্দোষ। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করছেন তিনি। তাঁর ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টায় এই অভিযোগ তোলা হয়েছে। ১৬ মিনিট আদালত কক্ষে ছিলেন কংগ্রেস সাংসদ। এই মামলার পরবর্তী শুনানি ১২ অগাস্ট।আদালত সূত্রের খবর, ওইদিন আর হাজিরা দিতে হবে না কংগ্রেস সাংসদকে। এদিন আদালত চত্বরে রাহুল গান্ধী পৌঁছনোর আগেই তাঁর সমর্থকরা ভিড় জমান। ধাক্কাধাক্কি-বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে রাহুল গান্ধীকে সুরক্ষিতভাবেই আদালত কক্ষ পর্যন্ত পৌঁছে দেন নিরাপত্তারক্ষীরা। বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই অভিযোগে সুলতানপুর আদালতে মামলা করেন।
