
মানহানির মামলায় লখনউয়ের নিম্ন আদালতে হাজিরা না-দেওয়ায় ২০০ টাকা জরিমানা করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। উত্তরপ্রদেশের লখনউয়ের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত এই জরিমানার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি আগামী ১৪ এপ্রিল। ওইদিন নতুন করে রাহুল গান্ধীকে হাজিরা দিতে বলেছেন বিচারক। ২০২২ সালে মহারাষ্ট্র সফরে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে।
এর পরেই লখনউয়ের এসিজেএম আদালতে মানহানির মামলা রুজু হয় কংগ্রেস নেতার বিরুদ্ধে। ওই মামলার শুনানিতে রাহুলকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও বুধবার আদালতে হাজিরা দেননি তিনি। কংগ্রেস নেতার আইনজীবী জানান, তাঁর মক্কেল সংসদের অধিবেশন সংক্রান্ত কাজে ব্যস্ত। সেই কারণে হাজিরা দিতে পারেননি।
