
তাঁর কাছে ঠাকুমাই ছিলেন সাহস এবং ভালবাসার প্রতীক। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন নাতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭’তম জন্মবার্ষিকী। সকাল সকাল রাহুল গান্ধী পৌঁছে যান ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে। পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর রাজনীতির পথ প্রদর্শককে।শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার সঙ্গে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছেন লোকসভার বিরোধী দলনেতা। সাদা কালো ওই ছবিতে দেখা গিয়েছে, ঠাকুমা ইন্দিরা গান্ধীর কোলে রয়েছে একরত্তি রাহুল গান্ধী। নাতিকে কোলে তুলে আনন্দে বিহ্বল ঠাকুমা। ছেলেবেলার পুরনো সেই ছবি শেয়ার করে রাহুল গান্ধী বলেছেন, তাঁর কাছে ঠাকুমাই ছিলেন সাহস এবং ভালবাসা উভয়ের প্রতীক।
তাঁর কাছ থেকেই শিখেছেন, নির্ভয়ে জাতীয় স্বার্থের পথে চলাই হল জীবনের আসল শক্তি।ঠাকুমার স্মৃতিই তাঁর শক্তি, যা তাঁকে সবসময় পথ দেখায়।
ছবি সৌজন্যে : এক্স









