
কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের স্মরণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, কার্গিল বিজয় দিবসে তিনি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, যাঁরা দেশের রক্ষায় নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। ভারত তাঁদের এবং তাঁদের পরিবারের কাছে চিরকাল ঋণী থাকবে। জয় হিন্দ!
পাশাপাশি রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে বীর সেনা, প্রাক্তন সেনা, তাঁদের পরিবার এবং সমস্ত ভারতবাসীকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। মাথা নিচু করে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁদের আত্মত্যাগের প্রতি, যাঁরা কার্গিল যুদ্ধে সাহসিকতার সঙ্গে মাতৃভূমির প্রতিরক্ষা করেছিলেন। তাঁদের দৃঢ় মনোবল চিরকাল অনুপ্রেরণা জোগাবে। জয় হিন্দ।
প্রতি বছর ২৬ জুলাই তারিখে কার্গিল বিজয় দিবস পালিত হয়। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের পরাজিত করে ভারতীয় সেনাবাহিনী বিজয় অর্জন করেছিল। এই দিনটি ভারতের সশস্ত্র বাহিনীর অদম্য সাহস, আত্মত্যাগ ও দেশের প্রতি নিষ্ঠার স্মরণ হিসেবে পালন করা হয়।







